
ফাইল ছবি
শেষ আপডেট: 6 October 2024 01:40
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ি যেতে গিয়ে বড়সড় দুর্ঘটনা! ২০০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। শুক্রবার রাতে উত্তরাখণ্ডের দুর্ঘটনায় ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাসটিতে ৫০-৫৫ জন বরযাত্রী ছিলেন। চালকের ভুলেই ঘটে যায় দুর্ঘটনা।
শুক্রবার রাতে বাসটি হরিদ্বার থেকে পৌড়ীর বিরনখাল গ্রামের দিকে যাচ্ছিল বাসটি। কিন্তু রাত হয়ে যাওয়ায় চালকের সামান্য ভুলেই কনের বাড়ি থেকে সামান্য দূরে খাদে গিয়ে পড়ে বাসটি।
বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে এসডিআরএফ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন বলে খবর।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। বাকি ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই স্থানীয় বিধায়ক ঋতু খানদুরিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোনও হেলদোলই নেই। রাস্তা সারাইয়ের দাবিতেও সরব হন তাঁরা।
চলতি মাসের ১ অক্টোবর বদ্রীনাথ থেকে ফেরার পথে পুন্যার্থী বোঝাই বাস উল্টে যায়। চামোলি হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় দুর্ঘটনা। তারপর চারদিন কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা উত্তরাখণ্ডে।