
উদ্ধার হওয়া সোনা - ফাইল ছবি
শেষ আপডেট: 18 March 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: বিপুল পরিমাণ সোনা (Gold) এবং নগদ উদ্ধারকে (Cash) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতে। রাজ্য পুলিশের এটিএস (ATS) এবং ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টালিজেন্স (DRI)-এর যৌথ দল আমদাবাদের এক আবাসনের বন্ধ ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে এই টাকা এবং সোনা উদ্ধার করেছে।
গুজরাত এটিএস এবং ডিআরআই সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ৯০ কেজি। আর ৮০ কোটির কাছাকাছি নগদ টাকা উদ্ধার হয়েছে। আমদাবাদের পালদি এলাকার ওই ফ্ল্যাটটি দীর্ঘ দিন বন্ধ পড়ে ছিল। কিন্তু তদন্তকারীদের কাছে গোপন সূত্রে খবর ছিল, সেখানেই প্রচুর সোনা এবং টাকা রাখা হয়েছে। অনুমান, বিদেশ থেকে পাচার করা হয়েছে সোনা। এই ফ্ল্যাটে তা রাখা হয়েছিল, ওখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হত। তার আগেই অভিযান চালিয়ে তা উদ্ধার করা হল।
পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের মালিক এবং তাঁর ছেলে পলাতক। বেশ কিছুদিন ধরেই তাঁরা এলাকায় ছিলেন না। তাই ফ্ল্যাটের দরজা ভেঙেই ঢুকতে হয়েছে তদন্তকারীদের। জানা গেছে, অন্তত ৯০-১০০টি সোনার বিস্কুট সাজানো ছিল ঘরে।
এদিকে একটি আলমারি থেকে থরে থরে নোটের বান্ডিল উদ্ধার হয়। তা গুনতে টাকার গোনার মেশিন আনা হয়েছিল। প্রাথমিকভাবে নগদের পরিমাণ ৮০ কোটি বলে জানা গেছে। তবে সেই সংখ্যা বাড়তেও পারে বলে ধারণা।
আমদাবাদে ২০২০ সালেও একটি ফ্ল্যাট থেকে সোনা এবং টাকা উদ্ধার হয়েছে। তবে সেই সময়ে তার পরিমাণ এত বেশি ছিল না। তাই এবারের ঘটনার সঙ্গে বড় পাচারচক্র জড়িয়ে রয়েছে বলেই সন্দেহ করছে পুলিশ।