
লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস
শেষ আপডেট: 17 October 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ট্রেন দুর্ঘটনার খবর। অসমে লাইনচ্যুত হয়েছে লোকমান্য-তিলক এক্সপ্রেস। ৮টি বগি লাইন থেকে ছিটকে গেছে বলে খবর। লুমডিং এবং বরদারপুর হিল ডিভিশন স্টেশনের মধ্যে দিবালং স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রের খবর।
মুম্বইগামী এই ট্রেন এদিন সকালেই আগরতলা ছেড়েছিল। তবে বিকেল ৪টে নাগাদ অসমের দিবালং স্টেশনের কাছে তা লাইনচ্যুত হয়। রেলের তরফে আপাতত যে খবর মিলেছে তাতে জানা গেছে লাইনচ্যুত ৮টি বগির মধ্যে ট্রেনের পাওয়ার কার এবং ইঞ্জিনও রয়েছে। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় হতাহতের এখনও কোনও খবর আসেনি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। সেখানে রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও। পাশাপাশি রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। যেগুলি হল - ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিগত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনার খবরে আতঙ্ক বেড়েছে সাধারণ রেল যাত্রীদের। কেউ কেউ ট্রেনে উঠতেই ভয় পাচ্ছেন। করমণ্ডলের মতো বড় দুর্ঘটনার আতঙ্ক তো আছেই, সাম্প্রতিক সময়ে দেখা গেছে রেললাইন বিভিন্ন জিনিস রেখে দেওয়া হচ্ছে। তাতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। রেলের তরফে নানা পদক্ষেপ নেওয়া হলেও কোনও সুরাহা হয়নি। এমনকী এনআইএ-র সাহায্য নিয়েছে রেল, তাতেও বিশেষ কিছু পরিবর্তন দেখছেন না আমজনতা। বরং এই ধরনের দুর্ঘটনার খবরই বেশি শোনা যাচ্ছে।
কয়েক সপ্তাহ আগেই দেশের একাধিক জায়গা থেকে রেললাইনের ওপর সিমেন্টের ব্লক, পাথর, বস্তা ফেলে রাখার মতো ঘটনা সামনে এসেছে। রেল বলেছে, এগুলি কোনও নাশকতার ঘটনা নয়, মানুষের ফুর্তির ফল! ইচ্ছে করে কেউ কেউ রেললাইনে জিনিস ফেলে যান, যাতে কোনও দুর্ঘটনা হলে এলাকার বা তাদের নাম হয়। অসমের দুর্ঘটনার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।