
ফাইল ছবি
শেষ আপডেট: 24 September 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে জোড়া নিম্নচাপের ফলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুধু বাংলায় নয়, এই মুহূর্তে দেশের একাধিক রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। ছত্তীসগড়ে যেমন নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতের জেরে অনেকের প্রাণ গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু।
ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৮ জনের, তাদের মধ্যে ৬ জনই শিশু। রাজনন্দগাঁওয়ের জোড়াতারাই গ্রামের এই ঘটনায় শোকের ছায়া। জেলাশাসক সঞ্জয় আগারওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন, মৃতদের ৬ জন পড়ুয়াই স্কুল থেকে বাড়ি ফিরছিল। আর কয়েকজন ভারী বৃষ্টির জেরে গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। আচমকা বজ্রপাত হওয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে।
রাজ্য সরকার এই ঘটনায় শোকপ্রকাশ করে ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছে। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগে মোহতরায়ে সাতজনের মৃত্যু হয়েছিল বাজ পড়ে। তাঁরা সকলেই মাঠে কাজ করছিলেন সেই সময়। পরপর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন।
আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে গোয়া এবং কর্নাটকের উপকূল এলাকায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড়, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং গুজরাট সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।
ইতিমধ্যে অবশ্য দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ুর বিদায় ঘটেছে। নির্ধারিত সময় থেকে ছদিন পর শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম রাজস্থানের বাকি অংশ, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাতের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।