
শেষ আপডেট: 4 March 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খাওয়ার পর সকলেই প্রায় মুখশুদ্ধি খেয়ে থাকেন। মৌরির সঙ্গে মিষ্টি সুপারি দিয়ে মুখশুদ্ধি দেয় বেশিরভাগ রেস্তোরাঁই। কিন্তু মুখশুদ্ধি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এমনটা কখনও শোনা যায়নি। গুরুগ্রামের একটি ক্য়াফেতে এমন ঘটনাই ঘটেছে। খাবার খেয়ে মুখশুদ্ধি মুখে দিয়ে চিবোনোর সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে রক্ত উঠে আসে অনেকের। ঘন ঘন রক্তবমি শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের ওই ক্যাফেতে মাউথ ফ্রেশনার খেতেই অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুগ্রামের সেক্টর ৯০-র একটি রেস্তোরাঁয় স্ত্রী ও বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন অমিত কুমার নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, খাবার পর হোটেলের কর্মীরাই অমিত কুমারদের মুখশুদ্ধি দেন যা খেয়ে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে অনেকে। ক্রমাগত বমি হতে থাকে, মুখ থেকে রক্ত উঠে আসে। অমিত জানিয়েছেন, অনেকেই বলেন মুখশুদ্ধি খাবার পর তাঁদের মুখে জ্বালা শুরু হয়েছিল। প্রচণ্ড জ্বালা জিভ, গলা জ্বলে যাচ্ছিল। তারপরেই রক্তবমি শুরু হয় অনেকের।
অমিত কুমারের অভিযোগ, যাঁরা খেতে এসেছিলেন তাঁদের অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু ক্যাফের কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করে না। তাঁদের নাকি হেলদোলই ছিল না। শেষে অমিত ও আরও কয়েকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনায় ক্যাফের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।