
কেএন রাজন্না
শেষ আপডেট: 20 March 2025 23:01
দ্য ওয়াল ব্যুরো: হানি-ট্র্যাপের (Honey Trap) শিকার কর্নাটকের (Karnataka) ৪৮ জন রাজনৈতিক নেতা। এক মন্ত্রীর ঘটনা দিয়ে ব্যাপারটা শুরু হলেও ধিকি ধিকি বিতর্ক এখন ব্যাপক মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় কর্নাটকের সমবায় মন্ত্রী কেএন রাজন্না (KN Rajanna) স্বীকার করেছেন যে, ফাঁদে পা দিয়েছেন কেন্দ্রীয়স্তরের নেতা-সহ সবসুদ্ধ ৪৮ জন রাজনীতিক।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চস্তরীয় তদন্তের ডাক দিয়েছেন রাজন্না। তিনি বলেন, এটি কোনও নির্দিষ্ট একটি দলের বিষয় নয়। আমি যতদূর জানি, ৪৮ জনই সিডি ও পেনড্রাইভের ফাঁদে পড়েছেন। এমনকী বিরোধী বিধায়করাও জড়িয়ে পড়েছেন।"
পরে অধ্যক্ষকে সম্বোধন করে রাজন্না বলেন, "কর্নাটককে সিডি-পেনড্রাইভের কারখানা বলা হয়? আমি বলছি না, বহু লোক বলে। কিন্তু এটা ভয়াবহ অভিযোগ। রিপোর্ট পেয়েছি, টুমাকুরুর দু'জন শক্তিশালী মন্ত্রী হানিট্র্যাপে পড়েছেন। তাঁদের মধ্যে আমি একজন। অন্যজম ড. পরমেশ্বর।"
তাঁর কথায়, "আমরা ছাড়াও আরও অনেকের খবরই ভেসে উঠছে। এখানে সব বলাটা ঠিক হবে না। আমি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখব এবং পূর্ণ তদন্তের দাবি জানাব। প্রশ্ন তোলেন, "এসবের প্রযোজক কারা? পরিচালকই বা কারা সবটা বের হোক। মানুষের সবটা জানার অধিকার রয়েছে।"
রাজন্নার ছেলে এমএলসি রাজন্নাও এ ব্যাপারে সোচ্চার হয়েছেন। বলেছেন, "রাজনীতিকদের হানিট্র্যাপে ফেলার চেষ্টা চলছে গত ছ'মাস ধরে। হোয়াটসঅ্যাপে কল করে কিংবা মেসেজ পাঠিয়েও ফাঁদ পাতা হচ্ছে।"