
শেষ আপডেট: 28 November 2023 16:44
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে মন খারাপ ছিল চার বন্ধুর। মন খারাপের হাত থেকে রেহাই পেতে চার বন্ধু মিলে একসঙ্গে বিষপান করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনই কাজ। পরিণতি হিসেবে মৃত্যু হল দু’জনের। আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে আরও দু’জনের। ঘটনাটি বিহারের।
পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে, চার বন্ধুর মন খারাপ কিছুতেই কাটছিল না। তাই চারজনে মিলে নিজেদের জীবনকে শেষ করে দিতে বিষপানের সিদ্ধান্ত নিই।
কিন্ত ঠিক কী কারণে চার বন্ধুর মন খারাপ ছিল, কেনই বা তাঁরা চারজন একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করল তা স্পষ্ট নয় পুলিশ বা পরিবারের কাছে। ঔরঙ্গাবাদের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই তরুণী। তাঁরা সুস্থ হয়ে উঠলেই এব্যাপারে তাঁদের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই চার তরুণীর বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। চারবন্ধুর মধ্যে দুই বোনও রয়েছে। জানা গেছে, চার বন্ধু মিলে একসঙ্গে বিষপানের সিদ্ধান্ত নেন। প্রথমে ওই দুই বোন নিজেদের ঘরে বিষ পান করেন। তাঁদের কাছ থেকে সেই খবর পেয়ে বাকি দুই বন্ধুও বিষ খেয়ে নেয়। পরে চারজনকেই গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনের মৃত্যু হয়।
পুলিশের স্থানীয় আধিকারিক মহম্মদ আমানুল্লা খান বলেন, “কী কারণে চার বন্ধু বিষ পান করলেন তা স্পষ্ট নয়। সুস্থ হয়ে উঠলেই বাকি দুই বোনকে জেরা করা হবে।” ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।