
উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।
শেষ আপডেট: 1 March 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: বদ্রীনাথের কাছে তুষারধসে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বরফের তলা থেকে উদ্ধার করা হলেও চিকিৎসা চলাকালীন শনিবার তাঁদের মৃত্যু হয়। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৪৭ জন শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনও বরফের নীচে চাপা পড়ে রয়েছেন ৫ জন। মারাত্মক তুষারপাত, বৃষ্টি ও পাহাড়ি ধসের প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগের কারণে পদে পদে বাধা পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীকে।
শনিবার সকালে পরিস্থিতি, উদ্ধারকাজের তৎপরতা ও আবহাওয়া সংক্রান্ত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক এক্সবার্তায় জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধারের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করলেও দ্রুত তাঁদের নিরাপদে বের করে আনার পরামর্শ দেন।
এদিকে, এদিন সকাল থেকে হৃষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক কর্ণপ্রয়াগের কাছে তুষারপাতে বন্ধ হয়ে গিয়েছে। দুধারে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এমনিতেই শুক্রবার সকাল থেকে চামোলির মানা গ্রামে তুষারধসের কারণে এই জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে। কিন্তু, অবিশ্রান্ত তুষারপাতে এখন তা যাতায়াতের অনুপযুক্ত হয়ে পড়েছে।
একই রকম দুর্যোগের পরিস্থিতি চলছে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশেও। ভারী বৃষ্টিপাত ও তুষারপাতে রাজ্যের অধিকাংশ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঁচটি জাতীয় সড়ক সহ প্রায় ৫৮৩-র বেশি সড়ক সম্পূর্ণ বন্ধ। ২২৬৩টি বিদ্যুৎ সংবহনকারী ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ অংশ নিষ্প্রদীপ হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় হড়পা বান, ভূমিধস এবং তুষারপাত হয়ে চলেছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের মানুষকে নদীর ধার থেকে সরে যেতে বলেছেন। কুলুসহ উপরের দিকে পাহাড়ি অঞ্চলে এখনও বৃষ্টি ও তুষারপাত হয়ে চলেছে।