
গুলির লড়াইয়ে খতম মাওবাদী
শেষ আপডেট: 17 June 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: দুদিন আগে ছত্তীসগড়ে ৮ মাওবাদী নিকেশ হয়েছিল। সোমবার সাতসকালে ঝাড়খণ্ডে ৪ মাওবাদীকে খতম করল রাজ্যের পুলিশ। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ হয়। তাতেই খতম হয়েছে ৪ জন। পাশাপাশি ২ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি (অপারেশন) অমল ভি হোমকর।
ঝাড়খণ্ডের টন্টো এবং গোইলকেরা এলাকায় কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে বলে খবর পায় রাজ্যের পুলিশ। সেই প্রেক্ষিতেই গোপন অভিযান চালানো হয়। তবে লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিতে পুলিশবাহিনীর ওপর হামলা চালায়। শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি একজন মহিলা মাওবাদী নেত্রী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র। এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। মনে করা হচ্ছে, আরও কয়েকজন মাওবাদী সেখানে লুকিয়েও থাকতে পারে।
গত ১৫ জুন ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় ৮ মাওবাদী নিকেশ হয়েছিল। আইটিবিপির ৫৩ ব্যাটালিয়ান মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স এই মাওবাদী দমন অভিযানে নামে। এর আগে চলতি মাসে নারায়ণপুর এলাকায় আরও এক এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু হয়েছিল। এনকাউন্টারে যে মাওবাদীদের মৃত্যু হয়েছে, তাদের মাথার দাম ছিল ৩৮ লাখ টাকা।
লোকসভা ভোট চলাকালীনও ছত্তীসগড়ের বস্তার লাগোয়া জঙ্গলে ৭ মাওবাদীকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে মাওবাদীদের কয়েকজন শীর্ষ নেতা ঘাপটি মেরে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। সেই মতো তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। তারও আগে এপ্রিল মাসে কাঙ্কের জেলায় গুলির লড়াইয়ে ২৯ জন মাওবাদীকে খতম করেছিল যৌথ বাহিনী।