
নিট দুর্নীতি নিয়ে চলছে প্রতিবাদ - ফাইল ছবি
শেষ আপডেট: 24 June 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: নিট কেলেঙ্কারিতে গ্রেফতারির সংখ্যা বেড়েই চলেছে। এক মূলচক্রীকে নিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল শনিবার পর্যন্ত। এরপর আরও ৪ জন গ্রেফতার হল। রবিবার মহারাষ্ট্র পুলিশের জালে ধরা পড়েছে দুই শিক্ষক সহ চারজন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রকাশ্যে আসার পরই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর ঝাড়খণ্ড থেকে আরও ৫ জন ধরা পড়ে। শনিবারই গ্রেফতার হয়েছিল নিট কাণ্ডের অন্যতম মূলচক্রী রবি অত্রি। এবার মহারাষ্ট্র পুলিশের এটিএস চারজনকে গ্রেফতার করেছে। এই চারজনের মধ্যে লাতুর থেকে সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমরখান পাঠান নামের দুই শিক্ষক রয়েছেন।
সর্বপ্রথম তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আরও দুজনের সঙ্গে এদেরও গ্রেফতার করা হয়। এই চারজনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের একটি চক্র চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জায়গায় জায়গায় প্রশ্নপত্র বিলি করার পাশাপাশি হল টিকিটের তথ্য ফাঁস করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নিটের প্রশ্নফাঁসের ইস্যু নিয়ে আপাতত তোলপাড় চলছে দেশে। সুপ্রিম কোর্ট ১,৫৬৩ জন পরীক্ষার্থীর নিট পরীক্ষা বাতিল করেছিল। রবিবারই 'অতিরিক্ত নম্বর' পাওয়ার কারণে ফের নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ওই পরীক্ষার্থীদের জন্য। তবে সেই পরীক্ষায় বসেননি ৭৫০ জন, অর্থাৎ প্রায় ৫০ শতাংশ পড়ুয়া। ১,৫৬৩ জনের মধ্যে কেবল ৮১৩ জন পরীক্ষায় বসেন।
কেন্দ্রীয় সরকার নিট ইস্যুর তদন্তভার দিয়েছে সিবিআইকে। গত শনিবার দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। সেই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এনটিএ-এর ডিজি সুবোধ কুমার সিং-কে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরই জানা যায়, নিট কাণ্ডের তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআইকে।