
দান্তেওয়াড়ার জঙ্গলে সেনা অভিযান।
শেষ আপডেট: 5 October 2024 00:15
দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহরে টার্গেট পূরণে তবে কি মাঠে নেমে পড়ল সেনা? শুক্রবার ছত্তীসগড়ের জঙ্গলে সেনার অভিযানে ৩৬ মাওবাদী খতমের পর এই বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
গোপন সূত্রের খবর পেয়ে এদিন ছত্তীসগড়ের দান্তেওয়াড়া সীমান্তে অবুঝমাড় ও নারায়ণপুর এলাকার গভীর জঙ্গলে কার্যত সাঁড়াশি অভিযানে নামে সেনা। দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষে মোট ৩৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। একই সঙ্গে মাওবাদীদের ঘাঁটি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে সেনা।
সূত্রের দাবি, সোর্স মারফৎ নিশ্চিত হওয়ার পর দান্তেওয়াড়া সীমান্তের জঙ্গলকে চারিদিক থেকে ঘিরে অভিযানে নামে সেনা। গভীর রাত পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, একটি এসএলআর এবং প্রচুর পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সেনার ওপর হামলার জন্যই বিপুল পরিমাণ ওই বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
২০২৬ সালের মধ্যে ভারতকে মাও মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মাও উপদ্রুত রাজ্যগুলিতে অলআউট অভিযানে নেমেছে সেনা। জানা যাচ্ছে, শাহের হঁশিয়ারির পর ১৬৪ জন মাওবাদীকে খতম করেছে সেনা।