
চেইস্থা কোছার
শেষ আপডেট: 25 March 2024 10:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মেধাবী গবেষক-ছাত্রীর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল লন্ডনে। বিশ্বের অন্যতম অর্থনীতির বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকনিমক্সে পিএইচডি করতে গিয়েছিলেন ৩৩ বছরের চেইস্থা কোছার। সাইকেলে চেপে লন্ডনে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। কোছার এর আগে ভারতের সরকারি নীতি রূপায়ক সংস্থা নিতি আয়োগে কাজ করতেন। উচ্চশিক্ষার জন্য লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পিএইচডি করতে গিয়েছিলেন।
নিতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন এক্সবার্তায়। তিনি লিখেছেন, চেইস্থা কোছার আমার সঙ্গে নিতি আয়োগের এলআইএফই প্রকল্পে কাজ করতেন। সেখান থেকে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে তিনি বিহেভিয়েরাল সায়েন্সে গবেষণা করতে গিয়েছিলেন। লন্ডনের পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রীর। কোছারকে তিনি মেধাবী, উজ্জ্বল সম্ভাবনাময়, সাহসী এবং প্রাণচঞ্চলতায় ভরপুর একটি মেয়ে হিসেবে স্মৃতিচারণা করেছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মার্চ একটি ময়লা ফেলার ট্রাক তাঁকে ধাক্কা মারে। তাঁর স্বামী প্রশান্ত কিছুটা আগেই সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তিনিই পিছন ফিরে দেখতে পান, ট্রাকটি কোছারকে পিষে দিয়ে চলে যাচ্ছে। ঘটনাস্থলেই মারা যান কোছার।
কোছারের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসপি কোছার লন্ডনে গিয়েছেন মেয়ের দেহ ফিরিয়ে আনতে। তিনিও সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রতি শেষ স্মৃতি হিসেবে শোকবার্তা ও ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমি এখনও লন্ডনে রয়েছি, মেয়ের দেহ নিতে। এই ঘটনা আমার পরিবার এবং তার বন্ধুস্বজনদের ভীষণ আঘাত দিয়েছে। আমি ওর আত্মার শান্তি কামনা করি।
চেইস্থা কোছার আগে গুরুগ্রামে থাকতেন। গত সেপ্টেম্বরে লন্ডনে গিয়েছিলেন পিএইচডি করতে। লন্ডন স্কুল অফ ইকনমিক্সে তিনি অর্গানাইজেশনাল বিহেভিয়ারাল ম্যানেজমেন্টে গবেষণা করছিলেন। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পেনসিভানিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী ছিলেন। নিতি আয়োগে তিনি সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন।