
কঙ্কাল উদ্ধার করতে তৎপর পুলিশ
শেষ আপডেট: 28 September 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস। শুক্রবারই সেখানকার এক স্কুলে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় যখন উত্তাল দেশ, তার মধ্যেই ৩০ বছর আগের কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী ঘটেছে?
উত্তরপ্রদেশের হাথরাসের গিলোন্দপুর গ্রামের বাসিন্দা বুধ সিং ১৯৯৪ সালে আচমকাই নিখোঁজ হয়ে যান। পেশায় কৃষক ওই ব্যক্তিকে খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। ৩০ বছর পর দাদার সঙ্গে ঝামেলা হতেই বিষয়টি জানতে পারেন বুধ সিংয়ের ছোট ছেলে পাঞ্জাবি সিং। এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
যুবকের অভিযোগ, ‘৩০ বছর আগে তাঁর বাবা নিখোঁজ হয়ে যাননি। পুরোটাই তাঁর বড় দাদা ও মায়ের প্ল্যান। ওঁরা দুজনে প্ল্যান করেই বাবাকে খুন করে বাড়ির সামনেই উঠোনে পুঁতে দেয়।’
পাঞ্জাবির আরও অভিযোগ, সেসময় তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর। দাদা ও মা তাঁকে বোঝায় বাবা আর ফিরবেন না। কিন্তু কয়েকদিন আগেই দাদার সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়তেই বাবার ‘নিখোঁজের’ আসল গল্প সামনে আসে।
এক মুহূর্ত দেরি না করে এরপরই থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন বুধ সিংয়ের ছোট ছেলে। পরে পাঞ্জাবির কথামতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে তাঁর বাবার কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ পেয়েই পাঞ্জাবির দাদা ও মায়ের পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, রিপোর্ট হাতে না আসলে কোনও পদক্ষেপ করা যাবে না। ঘটনায় পাঞ্জাবির হাত ছিল কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।