সম্প্রতি জিএসটি সংস্কার হয়েছে। তার জেরে প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। শীঘ্রই কেন্দ্রের মহার্ঘ্য ভাতা (DA) বাড়তে চলেছে আরও ৩ শতাংশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 September 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Central Govt Employees, Central Pensioners) জন্য আসছে বড় ঘোষণা। সম্প্রতি জিএসটি সংস্কার হয়েছে। তার জেরে প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। শীঘ্রই কেন্দ্রের মহার্ঘ্য ভাতা (DA) বাড়তে চলেছে আরও ৩ শতাংশ। ফলে বর্তমান ৫৫ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৮ শতাংশ করা হবে বলে ধারণা করা হচ্ছে (DA Hike 2025)।
কারা পাবেন এই সুবিধা?
রিপোর্ট অনুযায়ী, এবার প্রায় ১.২ কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশনভোগী এই সুবিধা পাবেন। দশেরা বা দীপাবলির আগে এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এই পদক্ষেপ উৎসবের মরশুমে কর্মীদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে।
বকেয়া টাকার হিসাব
জুলাই ২০২৫ থেকে ডিএ বাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে। তাই কর্মচারী ও পেনশনভোগীরা অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গে জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া টাকা একসঙ্গে পাবেন।
বছরে দু’বার সংশোধন
মুদ্রাস্ফীতি মোকাবিলায় প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই ডিএ সংশোধন করা হয়। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ ও সেপ্টেম্বর-অক্টোবরে সরকার আনুষ্ঠানিকভাবে বৃদ্ধি ঘোষণা করে। চলতি বছর জুলাই মাসে ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।
কীভাবে নির্ধারণ হয় ডিএ বৃদ্ধি?
শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ভিত্তিতেই ডিএর হিসাব হয়। গত ১২ মাসের CPI-IW এর গড় বের করে সপ্তম বেতন কমিশনের বিশেষ সূত্র অনুযায়ী ডিএ বাড়ানো হয়। উদাহরণ হিসেবে জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত CPI-IW এর গড় ১৪৬.৩ ধরা হয়েছে। তার ভিত্তিতেই ৫৫% থেকে ৫৮% পর্যন্ত বাড়ছে মহার্ঘ্য ভাতা।