
প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 April 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগের কবলে জম্মু-কাশ্মীর। রামবান জেলার ধর্মকুন্ড গ্রামে রাতভর বৃষ্টির জেরে হড়পা বান নামে। প্রাণ হারিয়েছেন ৩ জন। এখনও নিখোঁজ ১। ভেসে গিয়েছে বহু বাড়ি। একইসঙ্গে বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা (3 dead, hundreds rescued in J&K flash floods)।
একটানা ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। ধসপ্রবণ এলাকা থেকে একাধিক পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সড়কে পণ্যবাহী গাড়িগুলির যাতায়াতও আপাতত বন্ধ রাখা হয়েছে। ভুমিধসের কারণে শত শত যানবাহন আটকা পড়েছে রাস্তায়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ভয়ঙ্করভাবে বাড়ছে চন্দ্রভাগা নদীর জলস্তর। ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বন্যার কারণে দশটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ২৫-৩০ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় (3 dead, hundreds rescued in J&K flash floods)।
ধর্মকুন্ডের পুলিশ জানিয়েছে, রবিবার সকাল থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৯০-১০০ জনকে উদ্ধার করা হয়। তাঁদেরকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, দুর্যোগে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একজন নিখোঁজ হয়েছেন, তাঁর তল্লাশি চলছে। পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রও, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'রাতভর প্রবল শিলাবৃষ্টি, একাধিক ভূমিধসের কারণে রামবান অঞ্চলের আশেপাশের এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে। দুর্ভাগ্যবশত কয়েকটি পরিবারের ৩ জন নিহত হয়েছে। আর্থিক এবং অন্যান্য সকল ধরণের ত্রাণ সরবরাহ করা হচ্ছে। কেউ আতঙ্কিত হবেন না। আমরা সকলে মিলে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠব।'