
ফাইল ছবি
শেষ আপডেট: 10 April 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ফিরিয়ে আনা হচ্ছে ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে (Tahawwur Rana)। তিহাড় জেলে রাখা হবে তাঁকে। কিন্তু দিনের পর দিন রানাকে জেলবন্দি করে বাঁচিয়ে রাখা হোক এমনটা চান না সেই হামলা থেকে কোনও মতে বেঁচে ফেরা দেবিকা (Devika Rotawan)। তাঁর স্পষ্ট দাবি, ফাঁসি দেওয়া উচিত রানাকে।
দেবিকা রোটাওয়ান। ২৬/১১-র দিন হামলার কবলে পড়েছিলেন তিনি। কোনও রকমে বেঁচে ফেরা নয়, আজমল কাসভের মতো জঙ্গিকে চিনিয়েছিলেন দেবিকা। তিনিই চান, তাহাউর হুসেন রানাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, ''রানা ভারতে আসার পর সরকার তার থেকে আরও তথ্য জানতে পারবে। তাকে জেরা করলেই আরও কারা ওই হামলায় জড়িত ছিল তা স্পষ্ট হবে। এরপরই রানাকে ফাঁসি দেওয়া উচিত। কারণ ও একটা জঙ্গি।''
কে এই দেবিকা?
মুম্বই হামলার সময়ে দেবিকার বয়স ছিল মাত্র ৯ মাত্র। ছত্রপতি শিবাজি মহারাজ বাস টার্মিনাসে হামলার সময়ে তিনি উপস্থিত ছিলেন সেখানে এবং তাঁর পায়ে গুলি লাগে। আজমল কাসভই তাঁকে গুলি করেছিল, শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়ার পরও আদালতে দাঁড়িয়ে কাসভকে চিহ্নিত করেছিলেন দেবিকা।
বস্তুত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী ছিলেন।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা মার্কিন সুপ্রিম কোর্টে 'প্রত্যর্পণ স্থগিতের জরুরি আবেদন' দাখিল করেছিলেন। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে মার্কিন শীর্ষ আদালত। সূত্রের খবর, দেশে ফেরানোর পর তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদের জন্য উচ্চস্তরের তদন্তকারী দল গঠন করা হয়েছে। যে দলে একাধিক ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে একজন পুলিশ সুপার রয়েছেন। এ ছাড়া এনআইএ আধিকারিকরাও তাঁকে প্রশ্ন করবেন বলে জানা গেছে৷ পাশাপাশি স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন আইনজীবী নরেন্দ্র মান৷