
শেষ আপডেট: 24 April 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় কান্দাস্বামী। বর্ন, জানুয়ারি ১৯৯৭। রিবর্ন, নভেম্বর, ১৯৯৮।
তিনি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা। পেশায় চিকিৎসক। বয়স প্রায় ২৭। কিন্তু সঞ্জয় দু’ বছর কমিয়ে বলেন। তাঁর মতে, তিনি ১৯৯৭-র গোড়ায় জন্মালেও তাঁর পুনর্জন্ম হয়েছে পরের বছর নভেম্বরে। আর সেটা ছিল এক অসাধ্য সাধন। যা সম্ভব না হলে বেঁচে থাকারই কথা ছিল না তাঁর। তাই সরকারিরভাবে প্রথম জন্ম তারিখটি ব্যবহার করলেও উদযাপন করেন, ১৯৯৮-এর নভেম্বরের তারিখটি।
আসলে ১৯৯৮-এর ১৫ নভেম্বর মুম্বইয়ের অ্যাপলো হাসপাতালে হয়েছিল দেশের প্রথম লিভার ট্রান্সপ্ল্যান্ট। লিভারের জটিল অসুখ নিয়ে জন্ম হয়েছিল সঞ্জয়ের। তাঁর বাবা-মা বহু চেষ্টার পর মুম্বইয়ের অ্যাপলো হাসপাতালে ছেলের লিভার ট্র্যান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন। বাবার লিভারের একাংশ ২০ মাস বয়সি সঞ্জয়ের দেহে প্রতিস্থাপন করা হয়।
পরিণতি নিয়ে পরিবারের মতো চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন। সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে প্রতিস্থাপন সফল হয়। বুধবার সেই বিশেষ দিনটি উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সঞ্জয়কে। বাবা-মাকে নিয়ে যোগ দেন তিনি। কথা প্রসঙ্গে জানিয়েছেন, আগামী মার্চে তাঁর বিয়ে। ভাবী স্ত্রী, পরিচিতরা তাঁর দ্বিতীয় জন্মদিনটিকেই বেশি গুরুত্ব দেন।
অ্যাপলো হসপিটাল গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর তথা পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টোলজিস্ট অনুমপ শিবাল জানান, এখনও পর্যন্ত তারা ৪৩০০ জনের লিভার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। উপকৃতদের মধ্যে আছে পাঁচশো শিশু। পাঁচশোতম লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে বিহারের দেড় বছরের শিশু পৃষার দেহে। বাবা-মায়ের কোলে সেও হাজির ছিল অনুষ্ঠানে। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া লিভার গ্রহীতাদের হাতে হাসপাতালের তরফে উপহার তুলে দেন।