
শেষ আপডেট: 10 November 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্ব আলাদা করে ইস্তাহার ঘোষণা করল রবিবার। তাতে আগামী পাঁচ বছরে রাজ্যে ২৫ লাখ চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের সামগ্রিক আর্থিক উন্নতির কথা বলতে গিয়ে অলিম্পিকের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রে পদ্ম শিবির বলেছে, ২০৩৬-এ ভারত অলিম্পিকের আয়োজন করলে তার অনেকটা সুবিধা মহারাষ্ট্র পাবে।
রবিবার সকালে মুম্বইয়ে ইস্তাহার প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলে প্রমুখ।
বিজেপির নেতৃত্বাধীন মহায়ুতি বা মহাজোট আগেই ইস্তাহার প্রকাশ করে মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এখন মাসে দেড় হাজার টাকা ভাতা দেয় রাজ্যের বিজেপি জোট সরকার। বলা হয়েছে বার্ধক্য ভাতাও বৃদ্ধি করে মাসে ২১০০ টাকা করা হবে।
ইস্তাহার প্রকাশ করে অমিত শাহ বলেন, বিজেপি প্রতিশ্রুতি পালন করে। আগের সরকার কথা মতো।কাজ করছিল না বলে রাজ্যের মানুষ মাঝপথে তাদের সরিয়ে দিয়েছিল।
বিজেপি দলীয় ইস্তাহারে নগদ সুবিধা দানের বিষয়টি এড়িয়ে সামগ্রিক আর্থিক উন্নতির কথা বলেছে। বেশ কিছু সেচ ও রাস্তা-সহ একাধিক পরিকাঠামোর উন্নতির কথা বলেছে পদ্ম শিবির।