
শেষ আপডেট: 24 February 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। তীর্থ করতে বেরিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ২২ জনের। যার মধ্যে রয়েছে ৭ জন শিশু। গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনাটি উত্তরপ্রদেশের কাসগঞ্জের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি। পুকুরে ডুবেই মৃত্যু হয় কমপক্ষে ২২ জন পুণ্যার্থীর।
স্থানীয় সূত্রের খবর, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক। সঙ্গে সঙ্গে তা উল্টে কর্দমাক্ত পুকুরে গিয়ে পড়ে। ওই ট্রাক্টরে মোট ৩০ জন যাত্রী ছিলেন। যার মধ্য়ে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। আহতদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দু’জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকেরা।
স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। পুলিশ আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বলেছেন সে রাজ্য়ের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আহতদের যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।