.webp)
কন্যাকুমারীতে নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
শেষ আপডেট: 29 May 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে 'ধ্যানমগ্ন' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাহারায় থাকবে ২ হাজার পুলিশ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা মোদীর ৪৫ ঘণ্টার ধ্যানের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ভারত মহাসাগরের জল আরও লোনা হতে শুরু করেছে। তামিলনাড়ু কংগ্রেস একে মোদীর 'ধ্যান-নৌটঙ্কি' বলে কটাক্ষ করে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে।
তামিলনাড়ুর দক্ষিণতম প্রান্তে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্থানে লোকসভা ভোটের প্রচার শেষ করার পরেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালেও একইভাবে কেদারনাথের কাছে একটি গুহায় ধ্যানে বসেছিলেন মোদী। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ হাজার উর্দিধারী মোদীর পাহারায় রাখা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য যে যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তা থাকছেই।
এদিন তিরুনেভেলি রেঞ্জের ডিআইজি এবং এসপি মিলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। রক মেমোরিয়াল, বোট জেটি, হেলিপ্যাড এবং কন্যাকুমারীর সরকারি গেস্ট হাউসের নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখতে যান তাঁরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে গিয়েছে। হেলিকপ্টারের মহড়াও হয়ে গিয়েছে।
সম্ভাব্য সফরসূচিতে জানা গিয়েছে, মোদী কন্যাকুমারীতে এসে পৌঁছবেন ৩০ মে দুপুরের পর। সেখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপমে যাবেন। ৪৫ ঘণ্টার ধ্যানের সময় তিন সমুদ্রের মিলনস্থল কন্যাকুমারীতে জলপথে পাহারায় থাকছে উপকূল রক্ষী বাহিনী, জলপুলিশ এবং নৌবাহিনী।
এদিকে, মোদীর এই ধ্যান নিয়ে সমালোচনায় নেমে পড়েছে কংগ্রেস। তামিলনাড়ুর কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই মোদীর কর্মসূচিকে নাটক বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, ভোট চলাকালীন মোদীর এই ধ্যান ধ্যান নাটক আদর্শ আচরণবিধির পরিপন্থী। এ নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। ভোট চলাকালীন মোদীর দিকে প্রচারের ক্যামেরা থাকায় তা ভোটারদের প্রভাবিত করতে পারে বলে অভিযোগ কংগ্রেসের।