
মৃত্যু দুই বোনের
শেষ আপডেট: 12 January 2025 21:31
দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের সেক্টর ৪০-এ এক ব্যবসায়ীর বাড়ি থেকে পড়ে দুই বোনের মৃত্যুর ঘটনায় অদ্ভুত রহস্য ঘনিয়েছে। শুক্রবার রাতে চারতলা বারান্দা থেকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় বাড়ির মালিকপক্ষ দাবি করেছে, চুরি করতে এসেছিলেন ওই দুই বোন, তার পরে পালানোর চেষ্টা করতে গিয়েই তাঁরা পড়ে যান। অন্যদিকে, মৃতদের পরিবার অভিযোগ তুলেছে যে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ঘটনার নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র। যদিও এখনও পর্যন্ত খুনের লিখিত অভিযোগ দায়ের হয়নি।
জানা গেছে, ২৩ ও ২১ বছর বয়সি মৃত দুই বোন, চাঁদনি এবং রোশনি, উত্তরপ্রদেশের বাসিন্দা। চাঁদনি আগে ওই ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তবে এক মাস আগে তিনি কাজ ছেড়ে দেন। তাঁরা দু’জনেই বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে থাকতেন।
ঘটনার দিন বাড়ির মালিক ও তাঁর পরিবার রাজস্থানের একটি মন্দিরে যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর, মালিক ওষুধ আনতে ভুলে গিয়েছেন বলে ফিরে আসেন। বাড়িতে ফিরে তাঁরা মূল দরজা খোলা দেখতে পান। ঠিক তখনই তাঁরা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনেন বলে দাবি করেছেন পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, এর পরেই পরিবারের লোকজন দেখেন, দুই বোন নীচে পড়ে রয়েছেন, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিকের দাবি, চাঁদনি বাড়ির ইলেকট্রনিক লকের কোড জানতেন। তাঁরা সন্দেহ করছেন, চাঁদনি এবং রোশনি চুরি করতে বাড়িতে ঢুকেছিলেন। ধরা পড়ার ভয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন এবং তখনই ব্যালকনি থেকে পড়ে যান।
মৃতদের পরিবার অবশ্য এই অভিযোগকে নাকচ করে দিয়েছে। তাঁদের দাবি, এটি দুর্ঘটনা নয়, খুনের ষড়যন্ত্র। মৃতদেহগুলির ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।