
অনন্ত আম্বানির বিয়ে
শেষ আপডেট: 15 July 2024 08:48
দ্য ওয়াল ব্যুরো: ‘রাজকীয়’ বলে কথা! অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির হয়েছিল বিশ্বের তাবড় ব্যত্বিত্বরা। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, শিল্পপতি থেকে খেলোয়াড়, মুকেশ অম্বানীর ছোট ছেলের বিয়েতে বসেছিল চাঁদের হাট। আর এই তারকাদের ভিড়ের মাঝে নিমন্ত্রণ ছাড়াই ঢোকার চেষ্টা করেন দুই ব্যক্তি। গেটেই তাঁদের হাতেনাতে ধরে ফেলা হয়। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
গত শুক্রবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই বিয়ের আসর বসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। হাইপ্রোফাইল বিয়ে বাড়িতে প্রবেশ করার জন্য ছিল একাধিক গেট। আমন্ত্রিতদের প্রত্যেকের কাছেই ছিল প্রবেশের কার্ড। কিন্তু ওই দুই ব্যক্তির কাছে তেমন কিছু ছিল না। আঁটোসাঁটো নিরাপত্তা টপকে তারা বিয়ের আসরে প্রবেশ করতে যান। গেটেই নিরাপত্তারক্ষীরা আটকে দেন।
মুম্বই পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজনের নাম লোকমান মহম্মদ শফি শেখ (২৮)। আরেকজন ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি (২৬)। দু’জন দুই আলাদা গেটে ধরা পড়েন। লোকমান মহম্মদ পেশায় ব্যবসায়ী। ভেঙ্কটেশ নিজেকে অন্ধ্রপ্রদেশের ইউটিউবার হিসাবে পরিচয় দিয়েছেন।
জেরায় ধৃতেরা পুলিশকে জানিয়েছে, অম্বানিদের বিয়ের অনুষ্ঠান দেখবে বলেই অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বই এসেছিলেন তারা। রাজকীয় বিয়ের সাক্ষী হতে চেয়েছিলেন। ইউটিউবারের কথায়, ‘গোটা বিয়ের অনুষ্ঠানটাকে নিজের চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম।’ শুক্রবার রাতে কৌতূহলের বশেই এমন কাণ্ড ঘটান ওই দুই ব্যক্তি।
শেষমেশ অভিযুক্তদের বিকেসি পুলিশ স্টেশনে আনা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আইনি নোটিস দিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।