
শেষ আপডেট: 10 October 2023 12:44
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই লস্কর জঙ্গি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবার ওই দুই জঙ্গি কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ছিল। সেনা ও পুলিশের তালিকায় তারা ছিল ‘মোস্ট ওয়ান্টেড’। সেনার গুলি ঝাঁঝরা করে দেয় তাদের।
পুলিশ ও সেনা সূত্রে খবর, মৃত দুই জঙ্গির নাম মোরিফত মকবুল ও জাজমিন ফারুখ ওরফে আবরার। দু’জনেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল। তাছাড়া উপত্যকায় আরও একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল এই দুজনের। মকবুল ও ফারুখ ছিল লস্কর সংগঠনের দুই সক্রিয় সদস্য। অস্ত্র মজুত করা, নাশকতার পরিকল্পনা করার দায়িত্ব ছিল তাদের উপর।
গত বছর, ভূস্বর্গে জঙ্গিদের মোট ২৯টি হামলায় তিন জন কাশ্মীরি পণ্ডিত, রাজস্থানের একজন ব্যাঙ্ক ম্যানেজার এবং আটজন ভিনঙ্রাজ্যের বাসিন্দা-সহ মোট ১৮ জন নিহত হন। ওই ঘটনার তিনদিন পরই পুলওয়ামার পাদদামপোরা গ্রামে জঙ্গি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় সঞ্জয় শর্মা খুনে জড়িত আরও এক জঙ্গি, আকিব মুস্তাক ভাটের। মকবুল ও ফারুক পলাতক ছিল। তাদের খোঁজে সোপিয়ানের নানা জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল সেনা ও পুলিশ। অবশেষে তাদের খোঁজ মেলে।
সোপিয়ান জেলার আলশিপোরা এলাকায় জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে এদিন ভোররাত থেকে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়।