
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের মাধাপুর জেলায় শুক্রবার রাতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতিতে চলা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইকের পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঝলসে যান বাইকে থাকা দুই যুবক।
পুলিশ জানিয়েছে, বাইকচালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় তারা অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকা একটি বিশাল শব্দ শোনা যায়। এরপরই বিস্ফোরণ এবং আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে চারিদিকে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও, শেষ পর্যন্ত দু’জনকেই বাঁচানো যায়নি।
পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, মদ্যপান ও অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। হায়দরাবাদের মাধাপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সূত্রের খবর, মৃত দুই ব্যক্তি রঘুবাবু ও একাঙ্কশ, তাঁরা বোরাবান্দা জেলার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে এবং এর পরপরই পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্যই রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ করে মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।