
ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।
শেষ আপডেট: 2 November 2024 10:20
দ্য ওয়াল ব্যুরো: এসইউভি গাড়ি চালাচ্ছিলেন ১৭ বছরের কিশোর। রাস্তা ফাঁকা থাকলেও, ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে বাঁধল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এক মহিলাকে সজোরে ধাক্কা মেরে বসল গাড়ি। শুধু তাই নয়, এর পরে ওই মহিলাকে হেঁচড়ে কয়েক মিটার নিয়েও গেল গাড়িটি।
গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায় বুধবারের এই ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যান বছর ২৭-এর ওই মহিলা। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। দেখা গেছে, এক মহিলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একটি দ্রুতগতির এসইউভি আচমকাই চলে আসে রাস্তায়। তার সামনেই পড়ে যায় একটি ট্র্যাক্টর।
এর পরে সেটিকে ওভারটেক করে এগোতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। গাড়িটি সজোরে গিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে, চাকায় করে হিঁচড়ে তাঁকে কিছু দূর নিয়ে গিয়ে একটি স্তম্ভে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে গাড়ি।
Another incident of minor crushing an innocent to death. The incident is of greater Noida, west. Speeding car over takes & loses control crushing a lady walking on the side. Lady's arm got dismembered from her body and she died on spot. Driver absconding. pic.twitter.com/Imw7GnytYD
— R J (@rahuljaitley) October 31, 2024
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরে গাড়ি ফেলেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। দু'দিন পরে শুক্রবার অভিযুক্তকেও গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনায় মারা যাওয়া ওই মহিলার নাম শিল্পী। তিনি উত্তরপ্রদেশের জাতপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। নির্মাণকাজের জন্য থাকতেন গ্রেটার নয়ডায়। রোজকার মতো বুধবারও কাজে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনায় প্রাণ হারান।