
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী
শেষ আপডেট: 1 April 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: এলাকার নাম বদলের বড় সিদ্ধান্ত ঘোষণা করল উত্তরাখণ্ডের (Uttarakhand) বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami) জানিয়েছেন, মোঘল বাদশা এবং মুসলিম রাজা, জমিদার প্রমুখের নামে পরিচিত ১৫ এলাকার নাম বদলে দেওয়া হবে। যেমন হরিদ্বার জেলার ঔরঙ্গজেবপুরের (Aurangzebpur) নাম বদলে করা হবে শিবাজিনগর (Shivaji Nagar) ।
মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, স্থানীয় মানুষের আবেগকে মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত। ভারতের ইতিহাস, ঐতিহ্যকে যাঁরা ধারণ করেছেন এমন ব্যক্তিদের নামে এলাকাগুলির নতুন নামকরণ করা হবে।
গত সপ্তাহে বিজেপি শাসিত আর এর রাজ্য উত্তর প্রদেশের বারাণসীর পুর নিগম শহরের ৫০টির বেশি জায়গার নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে। ওই জায়গাগুলির মুসলিম নাম বদলে হিন্দু দেব-দেবী এবং সাধুসন্তের নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। উত্তর প্রদেশে ইতিমধ্যে বহু এলাকার নাম বদলে ফেলা হয়েছে। তারমধ্যে বারাণসীর পাশে জেলা এলাহাবাদও (Allahabad) আছে। ওই শহরের নাম রাখা হয়েছে প্রয়াগরাজ (Prayagraj)। ফৈজাবাদ (Faizabad) জেলার নাম এখন অযোধ্যা (Ayodhya)। অতীতে অখিলেশ যাদব (Akhilesh Yadav)এবং মায়াবতী (Mayawati) মুখ্যমন্ত্রী থাকার সময়ও বহু এলাকা ও জেলার নাম বদলানো হয়। তখন প্রাধান্য পেয়েছে জাতের অঙ্ক। বিজেপি নাম বদলাচ্ছে ধর্মের অঙ্কে। মুসলিম নাম বদলে হিন্দু নাম রাখা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে।
উত্তরাখণ্ডে যে চার জেলার ১৫ নাম বদলের সিদ্ধান্ত হয়েছে তারমধ্যে হরিদ্বার (Haridwar) ছাড়াও আছে দেরাদুন (Dehradun), নৈনিতাল (Nainital) ও উধমপুর (Udhampur)। হরিদ্বারে গাজিয়ালির নাম বদলে রাখা হবে আর্যনগর, চাঁদপুর হবে জ্যোতিবা ফুলে নগর, মহম্মদপুর জাট হবে মোহনপুর জাট, খানপুল কুর্সলির নাম রাখা হবে আম্বেদনকরনগর।
দেরাদুর জেলার চারটি এলাকার নাম বদল করা হবে। এরমধ্যে মিয়ানওয়ালার নাম বদলে রাখা হবে রামজিওয়ালা, পিরাওয়ালা হবে কেশরীনগর, চাঁদপুর খুর্দের নাম রাখা হবে পৃথ্বীরাজনগর এবং আবদুল্লাহনগরের নাম বদলে করা হবে দাক্সনগর।
মুখ্যমন্ত্রী ধামী জানিয়েছেন, নৈনিতালের নবাবী রোডের নাম রাখা অটল মার্গ (প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী)। রাজ্য সরকারের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি। সরকারি সিদ্ধান্তকে পদ্মশিবির ঐতিহাসিক বলেছে।