
সঞ্জয় রাউত
শেষ আপডেট: 26 September 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউতকে ১৫ দিনের জেল ও ২৫ হাজার টাকা জরিমানার সাজা দিল মুম্বইয়ের একটি আদালত। একটি মানহানির মামলায় বুধবার এই সাজা ঘোষণা করেন বিচারক। মামলাকারীর তরফে সঞ্জয়ের দু’ বছরের কারাবাস দাবি করা হয়েছিল। যাতে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় বর্তমানে রাজ্যসভার সাংসদ।
তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মুম্বইয়ের বিজেপি নেতা কিরিট সোমাইয়ার স্ত্রী মেধা কিরিট। সঞ্জয় তাঁর বিরুদ্ধে একশো কোটি টাকার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন। মুম্বইয়ে পাবলিক টয়লেট তৈরির একটি প্রকল্পে কাউন্সিলর মেধা এই অর্থ তছরূপ করেছেন বলে অভিযোগ করেন সঞ্জয়। সাজা ঘোষণার পাশাপাশি সঞ্জয়কে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিয়েছেন বিচারক।
মানহানির মামলায় সঞ্জয়ের কাছ থেকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন বিজেপি নেত্রী। মামলাকারীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেননি সঞ্জয়। তাঁকে বারে বারে আইনি নোটিস দেওয়ার পরও জবাব দেননি।