
পুলিশের কাছে হুমকি ফোন
শেষ আপডেট: 30 May 2024 07:51
দ্য ওয়াল ব্য়ুরো: অযোধ্যা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির জন্য ১৪ বছরের এক কিশোরকে আটক করল পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশের।
পুলিশ জানিয়েছে, ছেলেটি মঙ্গলবার রাতে পুলিশের জরুরি নম্বর ১১২ তে ফোন করে হুমকি দেয় যে সে বোমা দিয়ে মন্দির উড়িয়ে দেবে। হুমকির জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাড়ানো হয় অযোধ্যা রাম মন্দিরের নিরাপত্তা।
হুমকি ফোন নম্বরের সূত্র ধরে তদন্তে নেমে বুধবার উত্তর প্রদেশের কুশিনগর জেলার এক ১৪ বছর বয়সি কিশোরকে আটক করে পুলিশ।
কুশিনগরের পুলিশ সুপার ধাওয়াল জয়সওয়াল জানিয়েছেন, ছেলেটির পাশাপাশি সে যার কাছে থাকত সেই ঠাকুমাকেও আটক করা হয়েছে। তদন্তে জানা গেছে, ছেলেটি মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর হুমকি ফোনের সূত্র ধরে সাইবার সেলের সাহায্যে, পুলিশ কুশিনগরের পাথারওয়া থানার বালুয়া টাকিয়া গ্রামে কলারের অবস্থান সনাক্ত করে এবং তাকে আটক করে।