.webp)
শেষ আপডেট: 8 March 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে শিবরাত্রির অনুষ্ঠানে ভয়ঙ্কর দুর্ঘটনা। শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ১৪ জন শিশু। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাজস্থানের কোটায় শিবরাত্রি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই দু্র্ঘটনাটি ঘটে।
শিবরাত্রিতে সারা দেশের মতো কোটার কুনহা়ড়িতেও শিবপুজোর তোড়জোড় চলছিল। পুজো উপলক্ষে শিবের মূর্তি নিয়ে এদিন বিরাট শোভাযাত্রা বেরায়। সেখানেই কোনওভাবে হাইটেনশন তারের সংস্পর্শে আসে শিশুরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিদ্যুতের ঝটকায় কমপক্ষে ১৪টি শিশু অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে একজনের শরীরের ৫০ শতাংশ এবং আরেকজনের দেহের ১০০ শতাংশই পুড়ে গিয়েছে। শিশুদের দেখতে হাসপাতালে গিয়েছেন কোটার সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লা।
ঘটনাটির প্রসঙ্গে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নাগর জানিয়েছেন, দুইজন শিশু গুরুতর আহত হয়েছে। চিকিৎসায় সমস্ত রকমের সহযোগিতার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। একইসঙ্গে পুলিশ আধিকারিকদেরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।