
ফাইল ছবি
শেষ আপডেট: 9 February 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুরে ৩১ জন মাওবাদীকে খতম করলেন নিরাপত্তারক্ষীরা। গুলির লড়াই শুরু হয় ইন্দ্রবতী ন্যাশনাল পার্কের গভীর জঙ্গলে। ঘটনায় দু'জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন।
মাওবাদী নিকেশ করার লক্ষ্যে অভিযান চালানো হয় ওই জঙ্গলে। খবর ছিল সেখানে এই ধরনের কাজ চলছে। কয়েকজনকে শনিবার রাতে ঘিরে ফেলা হয়। শুরু হয় গুলির লড়াই। রবিবার সকালে জানা যায় ১২ জন খতম হয়েছে। পরে দুপুর ১টা ৫৬ নাগাদ জানানো হয় ৩১ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাল্টা ছোড়া গুলিতে দু'জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিস্ফোরক পদার্থও পাওয়া গিয়েছে।
এনিয়ে বস্তারের আইজি পি সুন্দররাজ বলেন, 'এখনও পর্যন্ত সার্চ অপারেশন জারি রয়েছে। ৩১ জনকে নিকেশ করা হয়েছে।'
গুলির লড়াই থামলেও গোটা এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলেও শেষে জানানো হয়েছে।