
শেষ আপডেট: 10 April 2024 08:33
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে ভয়াবহ দুর্ঘটনা। পাল্টি খেয়ে খাদে গড়িয়ে গেল বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ।
ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের দুর্গ জেলায়। পুুলিশ জানিয়েছে, দুর্গ জেলার কেদিয়া ডিস্টিলারির ৫০ জন কর্মীকে নিয়ে বাসটি কুমহারি থেকে ভিলাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বুধবার সকাল পর্যন্ত বাসটিকে খাদ থেকে তোলা সম্ভব হয়নি। বাসের ভিতর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১৪ জন শ্রমিক।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনা স্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে দুটি ক্রেনও মোতায়েন করা হয়েছে ৷ একইসঙ্গে এলাকা থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, বাসের ভিতরে এখনও আটকে রয়েছেন বেশ কিছুজন যাত্রী। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। কীভাবে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে গেল, তা এখনও জানা যায়নি।
দুর্গের জেলা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ জনকে রায়পুরের এইমসে ভর্তি করানো হয়েছে। ২ জন স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।