
শেষ আপডেট: 27 December 2023 10:47
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের কলকাতায় শীত উধাও হয়ে গেছে। ভরা শীতের মরশুমেও গায়ে রাখা যাচ্ছে না সোয়েটার চাদর, প্রায় ফ্যান চালানোর অবস্থা। ফলে ঠান্ডাপ্রিয় বাঙালির মাথায় হাত! কিন্তু রাজধানীর দিল্লির অবস্থা তেমন নয়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। একদিকে হাড় কাঁপানো ঠান্ডা, আর একদিকে কুয়াশার দাপট। বুধবার ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিল্লি এনসিআরের বিস্তীর্ণ এলাকা। বেলা১০টাতেও তা কমেনি। তার জেরে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা। কলকাতা থেকে দিল্লিগামী একাধিক ট্রেন ৪-৫ ঘণ্টা করে দেরিতে চলছে। স্বাভাবিকভাবেই ফিরতি ট্রেন আরও লেটে চলার আশঙ্কা।
কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছে নেমে এসেছে। সেই কারণে অন্তত ২৫টি ট্রেন দেরিতে চলছে। এর মধ্যে রয়েছে বাংলা থেকে রাজধানীগামী একাধিক ট্রেন। হাওড়া-রাজধানী এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা দেরিতে চলছে বলে জানা গেছে। ৫ ঘণ্টা ;লেট পূর্বা এক্সপ্রেস। ৩ ঘণ্টা দেরিতে চলছে শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেস। বাংলা থেকে ছাড়া ট্রেনগুলি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ পর্যন্ত ঠিকঠাকই চলছিল বলে খবর। কিন্তু তারপর কুয়াশার কারণে দৃশ্যমানতা ঝুপ করে কমে যায়। ফলে ট্রেনগুলি অত্যন্ত ধীরগতিতে চলছে বলে জানা গেছে।

যেহেতু দিল্লি গিয়ে পৌঁছানোর পর এই ট্রেনগুলিরই আবার ফিরতে পথে বাংলায় আসার কথা, তাই রাজধানীতে ঢুকতে লেট হওয়ায় দিল্লি থেকে হাওড়া এবং শিয়ালদহগামী ট্রেনও বেশ কয়েক ঘণ্টা করে দেরিতে চলার আশঙ্কা।
শুধু ট্রেন নয়, পরিষেবা ব্যাহত হয়েছে বিমানেরও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পুরু কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে গেছে। তার ফলে ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে ১১০টি বিমান নামা এবং রওনা হওয়ার সময় পিছিয়ে দিতে হয়েছে।

রাজধানী দিল্লি সহ উত্তরভারতের একাধিক এলাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড এবং দিল্লি-এনসিআর এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। তা ক্রমাগত কমছে। ফলে বছর শেষ, এবং বর্ষবরণের সময় তুমুল ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বেলা বাড়লে আসতে আসতে কুয়াশা কেটে যাবে, এবং রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে।