.webp)
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 9 July 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: 'লা পাতা লেডিস!' বিজেপি-শাসিত আদিত্যনাথ যোগীর রাজ্যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মুখে বুলডোজার চালিয়ে উধাও বেশকিছু মহিলা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেশ কয়েকজন মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা হাতিয়ে 'লা পাতা' হয়ে গিয়েছেন।
গরিব, নিম্নবিত্তদের নিজস্ব স্থায়ী আবাস নির্মাণের জন্য এই প্রকল্প থেকে টাকা দেওয়া হয়। কিন্তু, সুবোধ ঘোষের ছোটগল্প অবলম্বনে সন্ধ্যা রায়, অনুপ কুমার অভিনীত তরুণ মজুমদারের ছবি 'ঠগিনী'র মতো প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার পরেই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন। পিকচার অভি বাকি হ্যায়ের মতো এই মহিলাদের কেউই স্বামীর সঙ্গে পালিয়ে যাননি। বরং, স্বামীকে আলবিদা জানিয়ে প্রেমিকের সঙ্গে পাড়ি দিয়েছে মধুবৃন্দাবনে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আপাতত এরকম ১১ জনকে শনাক্ত করা গিয়েছে। যদিও তাঁদের খোঁজ মেলেনি। স্ত্রী-পরিত্যক্ত স্বামীরা থানায় নিখোঁজ ডায়েরি করার পরেই রহস্য টের পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার এরকম ১১ জন বিবাহিত মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ৪০ হাজার টাকা নিয়েই গাঢাকা দিয়েছেন।
টাকা হাতে আসার পরেই স্বামী-শ্বশুরের ভিটে ছেড়ে তাঁদের প্রেমিকের হাত ধরে বেরিয়ে পড়েছেন অজানার উদ্দেশে। স্বামীরা টের পাওয়ার আগেই জানালা দিয়ে বউ পালাল গোছের দশা হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তাতেই বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়।
মহারাজগঞ্জ জেলায় সম্প্রতি ২৩৫০ জন উপভোক্তার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে দেওয়া হয়। নিউজ এইটটিন এই খবর দিয়ে জানিয়েছে, ঠুথিবাড়ি, শীতলবাড়ি, চাটিয়া, রামনগর, বকুলডিহা, খারসা, কিসুনপুর এবং মেডহৌলি গ্রামের মহিলারা এই যোজনার টাকা পেয়েছেন। সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ধরা পড়ার পর সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, এই ঘটনা এবারেই প্রথম নয়। আগের বছরেও উত্তরপ্রদেশেরই চার মহিলা প্রথম কিস্তির টাকা পেয়েই প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে পালিয়েছিলেন। সেবার প্রথম কিস্তিতে ৫০ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল। কর্তৃপক্ষ তখনই বুঝতে পারে, যখন দেখে বাড়ি নির্মাণের কাজ একচুলও হয়নি। নোটিস দেওয়ার পরেও কোনও সাড়া না মেলায় তদন্ত করে দেখা যায় ততক্ষণে পাখি হাওয়া।