.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 November 2024 07:03
দ্য ওয়াল ব্যুরো: আগুনে ঝলসে মৃত্যু হল ১০ শিশুর। আহত একাধিক। শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা যাচ্ছে, রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে আগুন লাগে। ভেতরে তখন ৪৭ জন শিশু ছিল। দমকল এসে পৌঁছনোর আগেই এনআইসিইউ এর কাচ ভেঙে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে চিকিৎসক ও নার্সরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দ্রুত বাকি শিশুদের উদ্ধার করা হয়।
কীভাবে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গড়েছে উত্তরপ্রদেশের সরকার। ঘটনায় মৃতর পরিবারদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাতেই ঘটনাস্থলে যান রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
জেলাশাসক অবিনাশ কুমার বলেন, “শিশু ওয়ার্ডে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।" এদিকে ঘটনার জেরে মৃত ১০ শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।