
শেষ আপডেট: 6 January 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: কেরালায় ছুটি কাটাতে গিয়ে একটি বাসের মধ্যে নিজের দামী এয়ারপডটি হারিয়ে ফেলেছিলেন মুম্বইয়ের নিখিল জৈন। পেশাগতভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত নিখিল পুলিশের কাছে না গিয়ে শরনাপন্ন হয়েছিলেন টুইটারের।
এবং আশ্চর্যজনকভাবে তাঁর বিশ্বাস মিলেও গেল। এয়ারপডটি হারিয়েছিলেন কেরলে। ২৪ ঘণ্টার মধ্যে টুইটারের মাধ্যমেই তিনি জানতে পারলেন, সড়ক পথে ৭৮২ কিলোমিটার অতিক্রম করে সেটি রয়েছে গোয়াতে।!
শেষমেশ সেটি হাতে পেয়ে আপ্লুত নিখিল বলছিলেন, “দামী এয়ারপড হারানোর পর আমি কিন্তু পুলিশে যাইনি। কেন জানি না, আমার মন বলেছিল, টুইটার প্রচুর মানুষ ফলো করেন। সেখানে হারানোর খবর জানালেই হয়তো খুঁজে পেতে পারি!”
নিখিলের কথায়, “কেরালায় ঘুরতে গিয়ে একটি বাসের মধ্যে নিজের এয়ারপড টি হারিয়ে ফেলি। এরপরই ডিভাইসের লোকেশন ট্র্যাক করে বুঝতে পারি আমার অবস্থান থেকে সেটি ৪০ কিমি দূরে রয়েছে। লোকেশন অনুযায়ী একটি হোটেলে পৌঁছলে ওরা জানায়, এভাবে গ্রাহকের সুরক্ষায় তাঁরা হস্তক্ষেপ করতে পারবেন না। ওরা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে আসতে বলে। তখনই ঠিক করি, পুলিশের পরিবর্তে টুইটারে এয়ারপড হারানোর খবর জানাব।”
যেমন ভাবা তেমনই কাজ। ২১ ডিসেম্বর টুইটারে নিজের হারিয়ে যাওয়া এয়ারপডের বিস্তারিত জানিয়ে নিজের ডিভাইসের লোকেশনও উল্লেখ করেন তিনি। ততক্ষণে অন্য ব্যক্তির ব্যাগে করে এয়ারপড পৌঁছে গিয়েছে গোয়াতে।
যিনি নিখিলের এয়ারপডটি কুড়িয়ে পেয়েছিলেন, তিনি ২২ ডিসেম্বর টুইটারে নিখিলের পোস্ট দেখে সেখানে তাঁকে জানান, “হ্যাঁ, আপনার ডিভাইস আমার কাছে রয়েছে। এয়ারপড সংগ্রহের জন্য নিজের লোকেশনও শেয়ার করেন তিনি।” ওই রাতেই ডিভাইসটি মারগোয়া থানায় পুলিশের হাতে দিয়ে আসেন সংশ্লিষ্ট ব্যক্তিটি। ২ সপ্তাহ পরে থানায় গিয়ে নিজের ডকুমেন্ট দেখিয়ে ডিভাইসটি সংগ্রহ করেন নিখিল।
টুইটারের মাধ্যমে এভাবে নিজের হারানো এয়ারপড ফেরৎ পাওয়ার গল্প ফের পোস্ট করেন তিনি। লক্ষাধিক মানুষ সেই টুইটটি দেখেন। অনেকে সেখানে লেখেন, সত্যি তো এভাবেও হারানো জিনিস খুঁজে পাওয়া যায়।