
৪১ বছর বয়সি ভারত ভূষণ (বাঁদিকে) ডানদিকে নিহতের শাশুড়ি
শেষ আপডেট: 23 April 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে জঙ্গি হামলায় নিহত হলেন বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিহত ৪১ বছর বয়সি ভারত ভূষণ বেঙ্গালুরুর ম্যাটিকেরে অঞ্চলের বাসিন্দা ছিলেন। স্ত্রী সুজাতা ও তিন বছরের পুত্রকে সঙ্গে নিয়ে তিনি ছুটিতে গিয়েছিলেন পহেলগামে। মঙ্গলবারের ভয়াবহ হামলায় চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা করতে দেখে স্ত্রী কোনওক্রমে সন্তানকে নিয়ে পালাতে পারেন।
নিহতের শাশুড়ি জানিয়েছেন, “জঙ্গিরা নাকি জিজ্ঞেস করেছিল ‘তুমি কি হিন্দু?’ তারপরই গুলি চালায়। আমার জামাইকে মাথায় গুলি করে মেরে ফেলে ওরা। মেয়েকে ও ওর ছেলেকে কিছু করেনি। আমার মেয়ে ডাক্তার, সে বুঝতে পারে ওর স্বামী আর নেই। তারপর মোবাইল আর পার্স নিয়ে পালায়।”
তিনি আরও জানান, ঘটনার পরে সেনাবাহিনী সুজাতাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। মঙ্গলবার বিকেল ২টো ৪৫ মিনিট নাগাদ মেয়ের সঙ্গে তাঁর কথা হয়।
নিহত ভারত ভূষণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাসিন্দা হলেও বহু বছর ধরেই পরিবার নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। সেখানেই তাঁদের পারিবারিক ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতেন তিনি। এই ঘটনার পরে মঙ্গলবার রাতে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি সুজাতা দেবীর সঙ্গে কথা বলেছেন এবং অনন্তনাগে তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছেন।
এই হামলায় কর্নাটকের শিবমোগার আরেক পর্যটক মঞ্জুনাথ রাও-ও নিহত হয়েছেন। তিনিও স্ত্রী ও সন্তানের সঙ্গে ছুটিতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগামের জনপ্রিয় পর্যটনস্থল বৈসরন ভ্যালিতে একাধিক জঙ্গি অতর্কিতে হামলা চালায়। এখনও পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হন, আহত বহু। নিহতদের মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত এক নৌবাহিনীর অফিসার, এক আইবি কর্মকর্তা, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপালের দুই বিদেশি, এবং দু’জন কাশ্মীরি স্থানীয় বাসিন্দা।
এই হামলার দায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামে পরিচিত একটি সংগঠন নিয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারিভাবে এখনও সেই দাবি নিশ্চিত করা হয়নি। হামলায় জড়িত চার জঙ্গির ছবি ইতিমধ্যেই প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। তাদের মধ্যে কমপক্ষে দু’জন বিদেশি বলেই মনে করা হচ্ছে। ফলে জম্মু ও কাশ্মীরের পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জঙ্গিদের খোঁজে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা, সিআরপিএফ ও পুলিশ।