
শেষ আপডেট: 15 November 2023 20:11
দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড চলন্ত ট্রেনে। নয়াদিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সরাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছে। অগ্নি-সংযোগের ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে রেল সূত্রের খবর।
রেল সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। ওই তিনটি বগিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শটসার্কিট থেকেই অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছে রেল। ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
Darbhanga, Bihar: Fire breaks out in a coach of Darbhanga-New Delhi Bihar Sampark Kranti Superfast Express. Fire-fighting operations underway. No casualties reported. More details awaited pic.twitter.com/MZFdDhAl4n
— ANI (@ANI) September 4, 2019
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন উত্তরপ্রদেশের সরাই ভূপত রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে ট্রেনটি যখন যাচ্ছিল তখনই ট্রেনের স্লিপার কোচে ধোঁয়া দেখতে পান সংশ্লিষ্ট স্টেশনের ম্যানেজার। তিনি সঙ্গে সঙ্গে ট্রেনের চালক ও কোচের সঙ্গে যোগাযোগ করেন।
ততক্ষণে ট্রেনের তিনটি বগিতে ছড়িয়ে গিয়েছে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে বগি। আতঙ্কে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপও দেন। ঘটনায় জখম একাধিক যাত্রী। গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ।
এর আগে গত আগস্ট মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ের এক্সপ্রেসে আগুন ধরে যায়। ঘটনায় মৃত্যু হয় আটজনের। আগুনে জ্বলে যায় দুটি কামরা। ফের চলন্ত ট্রেনে অগ্নি সংযোগের ঘটনা ঘটায় যাত্রীদের প্রশ্নের মুখে রেলের নজরদারি।