.webp)
গৌতম মণ্ডল।
শেষ আপডেট: 3 November 2024 10:49
দ্য ওয়াল ব্যুরো: শনিবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম আরও একজন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া গোপালপুর রোডের কালিকাপুর সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত যুবকের নাম, গৌতম মণ্ডল (২৮)। শনিবার রাতে কালীপুজোর অনুষ্ঠানে খাওয়ার পর বাইকে করে হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝা গ্রামের বাড়িতে ফিরছিলেন। কালিকাপুর সংলগ্ন এলাকায় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।
দুর্ঘটনায় জখম হন বাইক আরোহী সাগর মণ্ডলও (২৬)। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে গৌতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত সাগরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। যুবকের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা আক্ষেপের সুরে বলছেন, যদি মাথায় হেলমেট থাকত তাহলে অন্তত প্রাণটা বেঁচে যেত। আক্ষেপের সুরে তাঁরা বলছেন, বার বার বললেও হেলমেট পরত না। শোকের মধ্যেও সমাজের উদ্দেশ্যে মৃত যুবকের পরিবারের বার্তা, 'হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না এবং গাড়ি চালান নির্দিষ্ট গতিতে। কারণ, প্রাণের চেয়ে বড় কিছু হতে পারে না।'