দ্য ওয়াল ব্যুরো : ১৫ নভেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন বাতিল করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন চিদম্বরম। তার ওপরে শুনানি হয় বৃহস্পতিবার। এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট জানায়, এখন চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতারের ব্যাপারে কোর্টের স্থগিতাদেশ জারি আছে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেই কার্তিকে গ্রেফতার করা হবে।
সুপ্রিম কোর্টে ইডির হয়ে সওয়াল করেন সলিসিটির জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “ইডি যে মামলা করেছে, তাতে কার্তিকে কখনও গ্রেফতার করা হয়নি। হাইকোর্ট তাঁকে গ্রেফতারের ওপরে স্থগিতাদেশ দিয়েছে। তার মেয়াদ শেষ হলেই কার্তিকে গ্রেফতার করা হবে।”
পরে সলিসিটর জেনারেল জানান, সিবি আই কার্তির বিরুদ্ধে একটি দুর্নীতির মামলায় তদন করছে। সেই মামলায় তিনি জামিন পেয়েছেন। কিন্তু ইডির করা মামলায় তিনি জামিন পাননি।
সুপ্রিম কোর্ট চিদম্বরমের আবেদনের ওপরে রায়দান স্থগিত রেখেছে।
গত ২১ অগস্ট রাতে নয়াদিল্লির জোড়বাগের বাংলো থেকে নাটকীয় কায়দায় চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই সিবিআই হেফাজতে ছিলেন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী। ৫ সেপ্টেমবর তাঁকে তিহাড়ে পাঠায় আদালত। এর মাঝে জেল থেকে পরিবারের লোকজনের মাধ্যমে একাধিক টুইট করেছেন দক্ষিণী এই নেতা। দেশের অর্থনীতি নিয়ে কটাক্ষ করেছেন মোদী সরকারকে। জানিয়েছেন, নিজেকে নিয়ে তাঁর কোনও উদ্বেগ নেই। তাঁর একটাই চিন্তা, দেশের অর্থনীতির সর্বনাশ হয়ে যাচ্ছে।