দ্য ওয়াল ব্যুরো: ফের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে অনেকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সুবিধার্থে গ্রুপ তৈরি করেন অনেকে। অনেক ক্ষেত্রেই অনেকের জন্য কোনও কোনও গ্রুপেপ অনবরত নোটিফিকেশন অযাচিত। এবার থেকে ইচ্ছেমতো যে কোনও গ্রুপের নোটিফিকেশন সবসময়ের জন্য মিউট করে রাখা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
এই ফিচার এতদিনও ছিল, তবে অন্য ভাবে। যে কেউ ইচ্ছে করলে গ্রুপগুলি মিউট করতে পারতেন, তবে তার মেয়াদ ছিল আট ঘন্টা, এক সপ্তাহ বা এক বছরের জন্য। অর্থাৎ কেউ চাইলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত মিউট করে রাখতে পারবেন কোনও গ্রুপ। এক বছর পরে তা আবার চালু করবে নোটিফিকেশন। তখন বন্ধ করতে চাইলে আবারও মিউট করতে হবে। কিন্তু এবারের নতুন ফিচার বলছে, চাইলে চিরকালের জন্যই একবারে বন্ধ করে দেওয়া যাবে নোটিফিকেশন। চাইলে অবশ্যই তা যে কোনও সময়ে বদলানোও যাবে।
গ্রাহকদের খুশি রাখতে মাঝেমধ্যেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপে জুড়েছে অ্যানিমেটেড স্টিকার এবং কিউআর কোড ব্যবহার করে কন্ট্যাক্ট সেভ করার ফিচার। সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি গ্রুপের অনবরত নোটিফিকেশন থেকে ইউজারদের পাকাপাকি স্বস্তি দেওয়ার সুবিধা নিয়ে এল।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই 'মিউট অলওয়েজ' নামে এই নতুন ফিচারটি আনতে চলেছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা অনির্দিষ্টকালের জন্য বিরক্তিকর গ্রুপ নোটিফিকেশনগুলি ব্লক করতে পারবেন। নিঃসন্দেহে এই নতুন ফিচারটি অনেক ইউজারের সুবিধা হয়ে উঠবে। তবে এখনও পর্যন্ত এই ফিচারটি পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ বিটা ইউজাররা অ্যান্ড্রয়েডের ২.২০.১৯৭.৩ ভার্সনে এই ফিচারটি পেয়ে যাবেন শীঘ্রই।
প্রতিযোগিতার বাজারে যাতে চ্যাটিংয়ের জন্য ইউজাররা হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য কোনও অ্যাপের প্রতি আকৃষ্ট হয়ে না পড়েন, সেজন্য প্ল্যাটফর্মটিকে সবসময় আপগ্রেডেড রাখার চেষ্টা করে সংস্থাটি। ব্যবহারকারীকে না জানিয়ে যে-কেউ যাতে যে কোনও গ্রুপে অ্যাড করতে না পারেন, তার জন্য সংস্থাটি আগেই একটি ফিচার এনেছে।
সেই ফিচারটি কার্যকর করার জন্য প্রথমে সেটিংসের অ্যাকাউন্ট অপশনে গিয়ে প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ফিচারটি এনেবেল করতে হবে। এবার তার পাশাপাশি, কোনও গ্রুপে অযাচিত ভাবে থেকে গেলে, বা আগে দরকার ছিল এখন আর নেই এমন হলে, গ্রুপ ছেড়ে বেরোনোয় কোনও সমস্যা থাকলে, গ্রুপ মিউট করে দেওয়া যাবে চিরতরে।