
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 27 November 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৯ মাস পর জেলমুক্তি ঘটেছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। জামিন প্রক্রিয়া মিটিয়ে গত মঙ্গলবার আলিপুর জেল থেকে বেরিয়েছেন তিনি। সামনেই মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ। কিন্তু নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এখনও একটি শব্দও খরচ করেননি তিনি।
এ ব্যাপারে অর্পিতা কবে মুখ খুলবেন, আদৌ কোনও মন্তব্য করবেন কিনা, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কারণ, জেলবন্দি থাকাকালীন অর্পিতা নিজেই আদালতে দাবি করেছিলেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যারে নির্দেশেই তাঁর ফ্ল্যাটে অনেকেই টাকা রেখে যেতেন। তিনি সেবিষয়ে কিছু জানেন না। নিজেকে বারেবারে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি।
এ ব্যাপারে অর্পিতা এখনও টুঁ শব্দটি না করলেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, আপাতত মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিকে মনোনিবেশ করেছেন অর্পিতা। ওই কাজকর্ম মিটে যাওয়ার পরই নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু কথা বলতে পারেন।
জানা যাচ্ছে, অর্পিতা নিজেও এ ব্যাপারে কিছু কথা বলতে আগ্রহণী। কেননা, জামিনে মুক্তি ঘটলেও কোটি কোটি নগদ টাকা উদ্ধার ও কাকুর বয়সি পার্থর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে জনমানসে তৈরি হওয়া ধারণা বদলাতেই তিনি প্রকাশ্যে কিছু কথা বলতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যেহেতু মামলাটি আদালতে বিচারাধিন রয়েছে তাই এ বিষয়ে কতটা বলা যাবে, আইনজীবীর সঙ্গে শলা পরামর্শ করার পর এ ব্যাপারে প্রকাশ্যে তিনি নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন।
২০২২ সালের ২২ জুলাই। নিয়োগ দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থকে জেরার সূত্রেই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু'দফায় প্রায় ৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। রাশি রাশি নগদ টাকার সেই ছবি দেখে বাংলা তো বটেই হতভম্ব হয়ে গিয়েছিল তামাম দুনিয়া।