ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হলেও তার সরাসরি কোনও প্রভাব এখনই পড়বে না পশ্চিমবঙ্গে। তবে হাওয়ার গতিতে পরিবর্তন দেখা যেতে পারে। প্রভাব বেশি পড়বে আন্দামান–নিকোবর অঞ্চলে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 25 November 2025 10:15
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর ঘিরে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। মালাক্কা প্রণালীর ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপটি এখন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’ (Cyclone Seniar), যার অর্থ সিংহ, এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। পূর্বাভাস অনুযায়ী, এমাসের শেষে বিশাখাপত্তনম উপকূলের কাছে এর স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা আছে।
ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হলেও তার সরাসরি কোনও প্রভাব এখনই পড়বে না পশ্চিমবঙ্গে। তবে হাওয়ার গতিতে পরিবর্তন দেখা যেতে পারে। প্রভাব বেশি পড়বে আন্দামান–নিকোবর অঞ্চলে। সেখানে ইতিমধ্যেই জারি হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert)। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং কোমোরিন এলাকা- সব জায়গাতেই সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update) এখন মোটামুটি স্থিতিশীল। রাতের তাপমাত্রা কিছুটা কমেছে, কলকাতায় পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে এবং জেলার অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই (Winter in Bengal), তবুও ভোর ও রাতে শীতের হালকা ছোঁয়া মিলছে। বেলা বাড়লে অবশ্য সেই ঠান্ডা অনুভূতি থাকে না। আগামী কয়েকদিন তাপমাত্রা ১-২ ডিগ্রি ওঠানামা করলেও বড় কোনও পরিবর্তন হবে না এবং আবহাওয়া শুষ্কই থাকবে।
রাজ্যের বিভিন্ন অঞ্চলে কুয়াশা (Fogg in Bengal) বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার উপস্থিতি বেশি থাকবে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে, তবে আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় (Kolkata Weather) আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৭.১ ডিগ্রি। সকালবেলায় সামান্য কুয়াশা বা ধোঁয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিন মহানগরের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
এদিকে দক্ষিণ ভারত এবং দ্বীপপুঞ্জের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। কেরল, মাহে, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং কোমোরিন উপকূলে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। কিছু এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৬০-৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।