দ্য ওয়াল ব্যুরো: ফের ডাইনি অপবাদে বেধড়ক মারধর করা হল এক আদিবাসী দম্পতিকে। খুনের হুমকি দিয়ে তাঁদের একঘরে করার অভিযোগও উঠেছে। ঘটনা মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত শিরিষডাঙা গ্রামের।
পুলিশ জানিয়েছে, শিরিষডাঙার বাসিন্দা গুরুদাস মান্ডি ও তাঁর স্ত্রী বুধিন মান্ডিকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। গুরুদাস জানিয়েছেন, তাঁদের ভাইঝি দিনকয়েক ধরে অসুস্থ ছিল। গ্রামেরই এক ওঝার কাছে নিয়ে গেলে তিনি নাকি নিদান দেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে গ্রাম থেকে না তাড়ালে মেয়েটিকে সুস্থ করে তোলা যাবে না। এর পরেই তাঁদের উপর অত্যাচার শুরু হয়।
অভিযোগ, ওই ওঝার নিদানেই গ্রামে সালিশি বসানো হয়। গ্রামবাসীরা একজোট হয়ে মারধর করেন ওই আদিবাসী দম্পতিকে। তাঁদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আতঙ্কে ওই দম্পতি আশ্রয় নিয়েছেন শিমুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি সোরেন জানিয়েছেন, মেয়েটিকে চিকিৎসকের কাছে না গিয়েছে ওঝা-গুণিনের কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেই এই ডাইনি অপবাদ ওঠে। এমন ঘটনা গ্রামে কিছুতেই বরদাস্ত করা হবে না।
ডাইনি অপবাদে মারধর, খুনের ঘটনা আকছার ঘটছে। এই বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করতে সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে। বেসরকারি সংগঠনগুলিও এ নিয়ে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় এই সচেতনতা অভিযান নিয়েও প্রশ্ন উঠেছে।