মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। এই সুরেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শুরু থেকেই অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা দূরদর্শিই নয়।

চন্দ্রিমা ভট্টাচার্য এবং তন্ময় ঘোষ
শেষ আপডেট: 12 March 2026 14:18
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় তীব্র সংঘাত (Middle East Conflict)। আর তার জেরে বিশ্ব বাজারে তেল নিয়ে আতঙ্ক। এর প্রভাব এসে পড়েছে বাংলার রান্নাঘরেও। গ্যাসের সরবরাহ এবং জোগান নিয়ে সঙ্কট (LPG Gas Crisis) তৈরি হওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত। রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আগে এই পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। দাবি, অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই এমনটা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নেতা তন্ময় ঘোষ কেন্দ্রকে খোঁচা দিলেন 'নোটবন্দি' (Demonitization), 'এসআইআর' (West Bengal SIR) মনে করিয়ে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। এই সুরেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শুরু থেকেই অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা দূরদর্শিই নয়। সংঘাত শুরুর আগেই ইজরায়েল সফরে গেছিলেন নরেন্দ্র মোদী। কেন তিনি কিছু আঁচ করতে পারেননি, সেই প্রশ্নও তোলে তৃণমূল।
সাংবাদিক বৈঠক থেকেই তন্ময় ঘোষ কেন্দ্রীয় সরকারকে নিশানা করে নোটবন্দি, করোনা পরিস্থিতি এবং এসআইআরের ইস্যু তোলেন। বলেন, ''এই সরকার লাইনে দাঁড় করানো সরকার। হঠাৎ নোটবন্দি ঘোষণা করে মানুষকে হেনস্থা করেছিল। তারপর অপরিকল্পিত লকডাউন ঘোষণা করে করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ভোগান্তি বাড়িয়েছিল। সেই সময়ে যাদের মৃত্যু হয়েছে তার জন্য কেন্দ্রই দায়ী।''
তিনি আরও বলেন, সম্প্রতি এসআইআরের সময়েও মানুষকে লাইনে দাঁড় করিয়েছে সরকার। আর এখন আরও এক অপরিকল্পিত সিদ্ধান্তে মানুষকে গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধে বলেছিলেন, মানুষের অধিকার ও প্রয়োজনের দিকে নজর দেওয়ার বদলে অন্য ইস্যুতে সময় নষ্ট করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে বিকল্প ব্যবস্থা ভাবার দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ''এসআইআর-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে।''
প্রসঙ্গত, গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী (CM Called For Meeting At Nabanna)। সেখানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। কীভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।