
শেষ আপডেট: 11 March 2024 22:50
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ (CitizenshipAmendmentAct)। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর হবে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী গ্যারান্টি মানে, প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী। মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যাক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হল। নাগরিকত্ব সংশোধনী আইনের, নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে।”
শুভেন্দু বলেন, “জঙ্গলমহলের কুর্মি সমাজকেও বলছি, যা যা সমস্যা এই মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তার সমাধান প্রধানমন্ত্রীই করবেন। তাই আস্থা, বিশ্বাস, ভরসা তাঁর উপরেই রাখা উচিত।”
কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির পরে পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। শুভেন্দু বলেন, যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল প্রধানমন্ত্রীর উপরে ভরসা রেখেছে, শক্তিশালী নেতাকে দেখে সাধারণ মানুষের যে আবেগ ও ভরসা দেখেছি তাতে আমরা গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। তৃতীয়বারের জন্য ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ জিতবেন। নাগরিকদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেটাই দেখা হবে।
রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, কারও উস্কানি বা প্ররোচনায় পা না দিয়ে প্রধানমন্ত্রীর উপরে বিশ্বাস রাখা উচিত। নতুন আইন কারও গণতান্ত্রিক অধিকার, শিক্ষার অধিকার কেড়ে নেবে না। শুভেন্দুর বক্তব্য, একজন নাগরিকেরও কোনওরকম সমস্যা হবে না। তার দায়িত্ব সরকারই নেবে।