
সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও ব্রায়েন।
শেষ আপডেট: 11 December 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে বুধবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদের বৈঠকে দেখা যেতে পারে সুখেন্দুশেখর রায়কে।
সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে দলের সাংসদ-মুখপাত্র ডেরেক ও ব্রায়েন সুখেন্দুশেখরের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। বিকেলে রাজ্যসভার সাংসদের নিয়ে যে বৈঠক রয়েছে, তাতে আমন্ত্রণও জানানো হয়েছে তাঁকে।
আর সেই ছবি প্রকাশ্যে আসার পরই মনে করা হচ্ছে, আরজি কর ইস্যুতে দলের সঙ্গে সুখেন্দুশেখরের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা সম্ভবত অনেকটা ঘুচল। তবে এ ব্যাপারে সুখেন্দুশেখর বা ডেরেকের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
আরজি কর কাণ্ডের সময় প্রকাশ্যে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন সুখেন্দুশেখর। সে সময় একের পর এক বিতর্কিত পোস্ট করা নিয়ে লালবাজারও তলব করেছিল তাঁকে। দলের সঙ্গে দূরত্ব যে ক্রমেই বাড়ছিল তা স্পষ্ট হয়েছিল, রাজ্যসভার আসন বদলাতে চেয়ে সুখেন্দু শেখরের চিঠিতে। এমনকী সম্প্রতি দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকেও দেখা যায়নি তাঁকে।
সূত্রের খবর, সমস্যার সমাধানের পথ খুঁজতে দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন সুখেন্দু। কুণাল তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ভুল স্বীকার করে নেত্রীকে চিঠি দেওয়ার জন্য়। সূত্রের দাবি, কুণালের পরামর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখেন সুখেন্দু।
নিজের সেই সময়কার মানসিক অবস্থা বোঝাতে চিঠিতে নাকি নেত্রীকে সুখেন্দুশেখর এও লেখেন, যে আরজি করের ঘটনায় একজন মেয়ের বাবা হিসেবে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তারওপর নানা রকম খবরে তিনি আরও বিভ্রান্ত হয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করে ফেলেছিলেন।
সুখেন্দুর ওই চিঠির পরই নেত্রীর নির্দেশে এদিন ডেরেক তার সঙ্গে বৈঠক করেন বলে জানা যাচ্ছে।