
দুর্গানগর রেল স্টেশন।
শেষ আপডেট: 16 December 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: আচমকা ব্রেক লক। যার জেরে স্টেশনে ঢোকার মুখে লেবেল ক্রসিংয়ে আটকে গেল লোকাল ট্রেন!
সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-বারাসত রুটের দুর্গানগর রেল স্টেশনে। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বিপর্যস্ত রেল পরিষেবা। তীব্র যানজট সড়ক পথেও।
রেল ও স্থানীয় সূত্রের খবর, আপ শিয়ালদহ বারাসত মাতৃভূমি লেডিস স্পেশালে ঘটনাটি ঘটে। এদিন সন্ধে ৬ টা ১৪ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে। ৬টা ৪৪ মিনিট নাগাদ দুর্গানগর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেনটি প্রবেশ করছিল। ১৪ বগির ট্রেনের ৮টি কামরা স্টেশনে প্রবেশের পরই আচমকা ট্রেনটি থেমে যায়।
স্টেশনের বাইরে লাইনে দাঁড়িয়ে ট্রেনের বাকি ৬টি বগি। ফলে লেবেল ক্রসিংও বন্ধ। ফলে শেষের ৬টি বগির যাত্রীরাও ট্রেনে আটকে রয়েছেন। ঘটনার জেরে যাত্রীদের পাশাপাশি জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার জেরে রেলের পাশাপাশি সড়ক পথেও তীব্র যানজট। ড্রাইভার চেষ্টা করেও ব্রেকলক খুলতে পারেননি। রেল সূত্রের দাবি, দমদম থেকে রেলের কর্মীরা আসছেন, তারপরে ঠিক হবে। ফলে সংশ্লিষ্ট রুটের একাধিক ট্রেন দমদম, বিধাননগরে দাঁড়িয়ে রয়েছে।
অফিস ফেরৎ সময়ে রেল দুর্যোগের ঘটনায চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলের দাবি।
দুর্গানগরের স্থানীয় চা ব্যবসায়ী মনু মণ্ডলের কথায়, "৩০ বছর এখানে ব্যবসা করছি। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।"
ঘটনার জেরে ১ নম্বর লাইন অবরুদ্ধ। ২ নম্বর লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন কৌতূহলী মানুষজন। ওই ২ নম্বর লাইন দিয়ে আপের ট্রেনও চলাচল করছে। ফলে দুর্ঘটনা এড়াতে স্টেশন কর্তৃপক্ষর তরফে লাইন থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
অন্যদিকে লেবেল ক্রসিংয়ের দুদিকের সড়ক পথের একটি মিশেছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। অন্যটি এয়ারপোর্ট ১ নম্বর গেটে। প্রায় ৪৫ মিনিট ধরে লেবেল ক্রসিং বন্ধ থাকায় সংশ্লিষ্ট সড়ক পথেও তৈরি হয়েছে তীব্র যানজট।