দ্য ওয়াল ব্যুরো: শিক্ষায় যৌথ উদ্যোগ, রাজ্য সরকারের নয়া চিন্তাভাবনার প্রতিবাদে এবার পথে নামল বামেরা। তাঁদের দাবি, পিপিপি মডেলে কর্পোরেট হাউজকে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সর্বনাশ করতে চলেছে রাজ্য সরকার। অবিলম্বে রাজ্য সরকারের এই চিন্তা ভাবনা বন্ধ করা উচিৎ।
বৃহস্পতিবার এসইউসিআই-এর পক্ষ থেকে 'পিপিই মডেলের' প্রতিবাদে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়। তারপর মিছিল করে প্রতিবাদ জানান এসইউসিআই-এর সদস্যরা। তাঁদের বক্তব্য, 'এই মডেলের মাধ্যমে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত।
বহু সমর্থকই এদিন দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয় এই প্রতিবাদে। এই বাম সংগঠনের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের কথায়, 'রাজ্য সরকারের এই ভাবনার প্রতিবাদে সারা রাজ্যজুড়ে ও কলকাতায় এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছে। যেখানে করোনা মহামারিতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা বাড়ছে, সেখানে রাজ্য সরকারের আরও বেশি উদ্যোগ নেওয়া উচিৎ। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া মানে গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনার সর্বনাশ করা। শিক্ষক-শিক্ষিকাদের চাকরি নষ্ট হওয়া।'
প্রসঙ্গত, সরকারি এবং সরকারের আর্থিক সাহায্য প্রাপ্ত স্কুল বেসরকারি সংস্থার হাতে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে নবান্ন এবং বিকাশ ভবনে। তবে পুরোপুরি বেসরকারি হাতে না দিয়ে আপাতত যৌথ উদ্যোগের পথে হাঁটার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকারি শিক্ষামহল। এ জন্য একটি নীতি তৈরির জন্য সংশ্লিষ্ট মহলের মতামত চাওয়া হয়েছে। বিষয়টি খুবই গোপন রাখতে চাইছে নবান্ন ও বিকাশ ভবন। সেই কারণে কেউ এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। তবে এই মডেলের প্রতিবাদে এখন থেকেই রব উঠেছে রাজ্যজুড়ে।