কটাক্ষের সুরে কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে মানুষ মনে রাখবে সন্দেশখালির ঘটনার জন্য।"

ভূপেন্দ্র যাদব।
শেষ আপডেট: 10 June 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বঙ্গ সফরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির (Corruption) অভিযোগে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সেই একই সুরে রাজ্যকে আক্রমণ শানালেন কেন্দ্রের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav, Minister of Environment, Forest and Climate Change)।
কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, "দুর্নীতির নিরিখে দেশে শীর্ষে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনকালে শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং ২৬ হাজার শিক্ষকদের চাকরি গেছে। ক্যাগ রিপোর্ট বলছে দু লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না।"
আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে বলে অতীতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই প্রসঙ্গেই কেন্দ্রের ২ লক্ষ কোটি টাকার হিসেব না পাওয়ার প্রসঙ্গ টেনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী বলেন, "১১ বছরে মোদী সরকার দুর্নীতি শেষ করেছে। মোদী সরকারের আমলে গরিবদের অবস্থার উন্নতি হয়েছে। আর বাংলায় সম্পূর্ণ উল্টো ছবি। এখানে শুধুই দুর্নীতি আর অপশাসন।"
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মাটিকে প্রণাম করতে ইচ্ছা করে। আধুনিক ভারতের বিভিন্ন কার্যকার্যকলাপের পীঠস্থান হল বাংলা। একসময় বলা হতো পশ্চিমবঙ্গ যেটা ভাবে পড়ে দেশ সেটা ভাবে। আর এখন ছ'মাস ছাড়াই শুনতে হয় মহিলার অত্যাচার। মুর্শিদাবাদের ঘটনা তো রয়েছেই।" কটাক্ষের সুরে কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে মানুষ মনে রাখবে সন্দেশখালির ঘটনার জন্য।"