
শেষ আপডেট: 27 July 2023 07:49
দ্য ওয়াল ব্যুরো: ইনি দুষ্টু লোক ধরেন না। তবলার বোলে ঝড় তোলেন। একতাল তিনতাল ঝাঁপতালের লয়কারিতে রাত কাটে, দিন হয়। স্পাইডার ম্যানকে (Spider Man) দুষ্টু লোক ধরতেই দেখা গেছে একদিন। এবার তবলাবাদক স্পাইডার ম্যানকে দেখেন নেটিজেনদের আনন্দ আর ধরে না! এমন মিউজিক্যাল মার্বেল হিরো এই প্রথমই দেখা গেল।
এই স্পাইডার ম্যান বেশ শান্তশিষ্ট। খপাৎ করে জাল ছড়িয়ে হুঙ্কার ছাড়েন না। ইনি তবলায় তাঁর আঙুলের কেরামতি দেখান। ইনস্টাগ্রামে স্পাইডার-ম্যানের এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে স্পাইডার-ম্যানের পোশাক পরা এক ব্যক্তিকে তবলা বাজাতে দেখা যাচ্ছে। যিনি ভিডিওটি শেয়ার করেছেন তিনি লিখেছেন, ‘স্পাইডার-ম্যান রিটার্নস।’
সুপারহিরো স্পাইডার ম্যানের ভক্তের অভাব নেই। স্পাইডার ম্যান কি বাদ্যযন্ত্র বাজাতে পারে? মার্বেল-ফ্যানরা চমকে উঠেছেন। আবার খুশিও হয়েছেন। এমন মাল্টিটাস্কিং সুপারহিরোর কদরই তো বেশি! স্পাইডারম্যান মানেই অপরাধীদের যম। স্পাইডারম্যান মানেই জাল বিছিয়ে শত্রু দমন। এই বিল্ডিং থেকে ওই ব্লিডিংয়ে ঝাঁপ। কিন্ত সেই স্পাইডারম্যান যদি শান্ত হয়ে বসে তবলা বাজান তাহলে কেমন হয়! নেটিজেনরা বলাবলি করছেন, স্পাইডার ম্যানের হাতের জালে তবলা না নষ্ট হয়ে যায়! অনেকে আবার কৌতুক করে বলেছেন, “বাহ উস্তাদ! ইনি হলেন উস্তাদ বড়ে পিটার খান সাহিব স্পাইডার।” কেউ আবার বলেছেন, স্পাইডার-ম্যান বাড়িতে তবলা খুঁজে পেয়েছেন।’ একজন আবার মজা করে লিখেছেন, ‘যখন বিশ্বকে বাঁচানোর চেয়ে তবলা বাজানো বেশি গুরুত্বপূর্ণ, তখন স্পাইডার ম্যান এমনটাই করে।’ ৩ জুলাই ভিডিওটি পোস্ট হয়েছে, আজ অবধি লাইক ৩ লাখ ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: পর্দার গব্বর আমজাদ খান, ব্যক্তি-জীবনে ছিল না মলিনতার লেশ